প্রবাস বাংলা
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

প্রবাস জীবনের স্বপ্ন ভেঙে দিল দালালচক্র, নিহত ফাহাদ

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: “আপনার ছেলে আর নেই, ইন্না-লিল্লাহ পড়েন” — ফোনের ওপাশ থেকে ভেসে আসা এই একটি বাক্যেই যেন মুহূর্তে অন্ধকার নেমে আসে একটি পরিবারের জীবনে। বুকভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য ইচ্ছা নিয়ে প্রবাসে পাড়ি দেওয়া তরুণ ফাহাদ আর কখনোই ফিরবেন না—এই নির্মম সত্য মেনে নিতে পারছেন না তার স্বজনরা।

পরিবারের স্বপ্ন পূরণ, দারিদ্র্য দূর করা এবং নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ফাহাদ গত ৩০ জানুয়ারি দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন। অজানা পথ, অনিশ্চিত গন্তব্য—তবুও বুকভরা আশা নিয়েই যাত্রা শুরু করেছিলেন তিনি।

কিন্তু সেই স্বপ্নের পথ ছিল কষ্ট আর বিপদের। বিভিন্ন দেশের দুর্গম বন-জঙ্গল, অনাহার, ভয় আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দীর্ঘদিন ঘুরতে ঘুরতে তার শরীর ভেঙে পড়ে। অসুস্থ ও বিধ্বস্ত অবস্থায় অবশেষে ১৫ ফেব্রুয়ারি সকালে সাউথ আফ্রিকায় পৌঁছান ফাহাদ। পরিবার ভেবেছিল, এবার বুঝি কষ্টের অবসান হবে, নতুন জীবনের শুরু হবে।

কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই একই দিন বিকেলে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। স্বপ্নের প্রবাসই হয়ে ওঠে তার শেষ ঠিকানা।

ফাহাদের মৃত্যুতে পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সন্তানের লাশটুকু একবার দেখার আকুতি, অসমাপ্ত স্বপ্ন আর অজস্র স্মৃতি—সব মিলিয়ে শোকে স্তব্ধ পরিবার। স্বজনদের প্রশ্ন, “স্বপ্ন দেখতে গিয়েই কি আমাদের ফাহাদকে এভাবে হারাতে হবে?”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণদের দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, স্বপ্ন পূরণের জন্য জীবনকে ঝুঁকিতে ফেলা নয়—নিরাপদ ও বৈধ পথই হতে পারে পরিবারের জন্য প্রকৃত স্বস্তি ও নিরাপত্তার নিশ্চয়তা।

সর্বশেষ - জাতীয়