
মালদ্বীপ প্রতিনিধি : বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
এই শোকাবহ সময়ে মালদ্বীপ সরকারের প্রতিনিধিবৃন্দ, মালদ্বীপে কর্মরত কূটনৈতিক মহল এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে প্রাপ্ত সমবেদনা ও সংহতির বার্তাসমূহ আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ ও নথিভুক্ত করার লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে একটি ‘স্মারক প্রকাশনা ও প্রামাণ্যচিত্র’ প্রকাশ করা হবে। স্মারকটির শিরোনাম—
“ইন মেমোরিয়াম: বেগম খালেদা জিয়া – মালদ্বীপে কূটনৈতিক মহল ও বাংলাদেশি প্রবাসীদের শোকবার্তা”।
৩০ জানুয়ারি স্মরণানুষ্ঠান
মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে আয়োজিত আনুষ্ঠানিক স্মরণানুষ্ঠানটি আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের প্রতিনিধিবৃন্দ, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
জীবন ও নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা
স্মরণানুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। একই সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রাপ্ত শোকবার্তাগুলো স্মারক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হবে।
দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রতিফলন
আয়োজকরা জানান, এই উদ্যোগ শুধু একজন জাতীয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়; বরং এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও জনগণের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন হিসেবেও বিবেচিত হবে।
বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগকে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন এবং এটিকে প্রবাসে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে উল্লেখ করছেন।

