
পিবিএন ডেস্ক : লিবিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয় ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
যোগদান উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত কিন্তু আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মহোদয় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দূতাবাসের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা গ্রহণ করেন এবং ভবিষ্যতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দলগত সমন্বয়ের মাধ্যমে দূতাবাসের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত মহোদয় তাঁর বক্তব্যে বলেন, লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করাই তাঁর অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য, শ্রমবাজার, কূটনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সততা, স্বচ্ছতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দূতাবাসকে প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, দক্ষ ও অভিজ্ঞ সামরিক ও প্রশাসনিক পটভূমিসম্পন্ন মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে লিবিয়ায় বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম নতুন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিরসন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দূতাবাস আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।













