
প্রবাস বাংলা ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রস্তাবনায় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবনা জমা নেন ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ।
লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি আমরা।
এ বিষয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান– শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তিনি আরও বলেন, দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য।
প্রতিনিধি দলে আশরাফ আলী আকন ছাড়া আরও ছিলেন– যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।
#
আজ ১০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংস্কার প্রস্তাব তুলে দেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মিডিয়া উপকমিটির প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।














