মাস্কাট ওমান: ওমানের জালান ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য কনস্যুলার সেবা দিতে বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ কনস্যুলার টিম জালান সফর করবে।
বাংলাদেশ দূতাবাস, মাসকাটের ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ ও ৩ অক্টোবর বাংলাদেশ স্কুল, জালানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব সেবা প্রদান করা হবে।
সফরকালে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন ও সংশোধনের আবেদন, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, এনওসি (NOC), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা, আউটপাসের আবেদন এবং পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের সিভিল আইডি সঙ্গে আনতে হবে।
নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি, পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
কনস্যুলার সেবা গ্রহণের জন্য প্রবাসীদের amardutabashmuscat.org পোর্টাল-এর মাধ্যমে সিডিউল গ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিডিউল ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায় উন্মুক্ত করা হবে।
এ ছাড়া পাসপোর্ট বিতরণের ক্ষেত্রেও নির্ধারিত সিডিউল গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যারা ইতোমধ্যে Oman-Post-এর মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
দূতাবাসের পক্ষ থেকে জালান ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: +৯৬৮ ৯১৯৮০৬২১