পিবিএন ডেস্ক : ওমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোনো অনুমোদিত কমিটি নেই বলে জানিয়েছে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে ওমানে যুবদলের পরিচয়ে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এক সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে জাতীয়তাবাদী যুবদলের অনুমোদিত কমিটি নেই। ফলে মনিরুল ইসলাম মাসুম নামে এক ব্যক্তির নিজেকে ‘ওমান যুবদলের সাধারণ সম্পাদক’ পরিচয় দিয়ে একটি সামাজিক সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণের কোনো সাংগঠনিক ভিত্তি নেই।
সতর্কবার্তায় আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ওমান যুবদল-সংক্রান্ত বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের পরামর্শ করেননি এবং কাউকে কোনো নির্দেশনাও প্রদান করেননি।
এতে ওমানে অবস্থানরত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে যুবদলের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রমে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ওমান যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি বা ‘দুষ্টচক্রের’ অপতৎপরতা নজরে এলে তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তরকে অবহিত করতে হবে।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ওমানে অবস্থানরত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভ্রান্তিকর পরিচয় ও কার্যক্রম থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।