পিবিএন ডেস্ক : প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রবাসীরা বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা, দেশে ব্যয় ও বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খুলতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—এই তিন ধরনের হিসাব খোলার সুযোগ থাকবে।
বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ এসব হিসাবে জমা করা যাবে। পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখার সুযোগ থাকবে।
হিসাবে জমা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। এ ছাড়া জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ারও সুযোগ থাকবে।
নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে। প্রবাসীদের সুবিধার্থে ব্যাংকগুলো অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগও পাবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে প্রবাসীদের অর্থ ব্যবস্থাপনা, দেশে অর্থ পাঠানো এবং বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।