
রমজান আলী জিসান : মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মিনিভ্যানে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো।
সোমবার ৯ জুন ভোররাতে থাইল্যান্ড সীমান্তসংলগ্ন ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১ জন। পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, কিছু যাত্রী নিজের চেষ্টা করে বাস থেকে বেরিয়ে আসেন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই বাসের ভেতরে আটকে পড়েন।
উদ্ধারকর্মীদের মতে, বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে হাইড্রোলিক কাটারের সাহায্য নিতে হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে অনেক বেশি। দেশটির প্রভাবশালী দৈনিক দ্য স্টার-এর এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।