প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টা সহযাত্রী ও ভিজিটর প্রবেশ নিষিদ্ধ

প্রবাস বাংলা
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রবাস ঢাকা : যাত্রীসেবা আরও সুশৃঙ্খল করা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সহযাত্রী ও ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈধ টিকিটধারী যাত্রী ব্যতীত অন্য কোনো সহযাত্রী, আত্মীয়স্বজন বা ভিজিটরের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানায়, ঈদ, বড়দিন ও বছরের শেষ সময়কে কেন্দ্র করে যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে বিমানবন্দরের প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী, এভিয়েশন সিকিউরিটি এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা কঠোর নজরদারি বজায় রাখবেন।

কোনো ব্যক্তি অনুমতি ব্যতীত প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মী, এয়ারলাইন্স স্টাফ ও অনুমোদিত সেবাদানকারীরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানবন্দর প্রশাসন সম্মানিত যাত্রীসাধারণকে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সকলের সহযোগিতায় এ সাময়িক ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।