
ওমান মাস্কাট : ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওমানি নাগরিকত্ব আইন বাস্তবায়নের জন্য নির্বাহী বিধিমালা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী সাইয়্যিদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি মন্ত্রীসভার সিদ্ধান্ত নং ৯২/২০১৪ জারি করেন, যা রয়্যাল ডিক্রি নং ৩৮/২০১৪-এর ভিত্তিতে প্রণীত।
এই বিধিমালায় ওমানি নাগরিকত্ব (ন্যাচারালাইজেশন) পাওয়ার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ ওমানি রিয়াল এবং কোনো ওমানি নাগরিকের সঙ্গে বিবাহিত বিদেশি নারী বা তার বিধবা কিংবা তালাকপ্রাপ্তার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ ওমানি রিয়াল।
ওমানের স্থানীয় গণমাধ্যম ডেইলি আবজাভার লিখেছেন, বিধিমালায় বলা হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত সব ধরনের আবেদন সংশ্লিষ্ট বিভাগের আবেদন গ্রহণ অফিসে জমা দিতে হবে। নাগরিকত্ব গ্রহণ, পরিত্যাগ ও পুনরুদ্ধার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই ও সিদ্ধান্ত প্রদানের দায়িত্ব থাকবে নির্ধারিত বিভাগের ওপর।
সাধারণ শর্ত অনুযায়ী, সব নথিপত্র অবশ্যই আরবি ভাষায় জমা দিতে হবে এবং আবেদনকারীকে বিভাগে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরীক্ষা (যেমন আরবি ভাষা পরীক্ষা) দিতে হবে।
নাগরিকত্ব পরিত্যাগ করতে চাইলে আবেদনপত্রের সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব প্রাপ্তির প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া যারা পূর্বে নাগরিকত্ব ত্যাগ করেছেন, তারা কমপক্ষে দুই বছর ওমানে স্থায়ীভাবে বসবাস এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগের প্রমাণ দেখাতে পারলে নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।
ওমানি নাগরিকের সঙ্গে বিবাহিত বিদেশি নারীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি বিবাহটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত হয়, দাম্পত্য জীবন ও বাসস্থান কমপক্ষে ১০ বছর হয়, তাদের একজন ওমানি পুত্র সন্তান থাকে এবং তারা নৈতিক অপরাধে দণ্ডিত না হয়ে থাকেন।
একইভাবে, কোনো বিদেশি পুরুষ যদি কোনো ওমানি নারীকে বিবাহ করেন, তবে সেই বিবাহ অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত হতে হবে।