
ওমান মাস্কাট : বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ যৌথ সামরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ওমানের সশস্ত্র বাহিনী।
তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় ওমান–বাংলাদেশ যৌথ সামরিক সঙ্গীতানুষ্ঠান। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল এবং ওমানের সামরিক ব্যান্ড।

অনুষ্ঠানটি মাস্কাটের খুয়াইর এলাকার আল–আলম স্কয়ারে অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।
বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও ওমানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা।”
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজ একাডেমির প্রধান মেজর জেনারেল রুকন হামেদ বিন আহমেদ সুকরুন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং শতশত বাংলাদেশিসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। দর্শকরা অনুষ্ঠানটি অত্যন্ত আগ্রহ ও আনন্দের সঙ্গে উপভোগ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমানে অংশগ্রহণ করছে।