প্রবাস বাংলা
শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমান দূতাবাসে ইতিবাচক পরিবর্তন, অন্যদিকে ভিসা সংকটে অস্বস্তি

প্রতিবেদক
প্রবাস বাংলা
জানুয়ারি ৯, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ

  1. ওমানের প্রায় সাত লক্ষ প্রবাসী বাংলাদেশির অভিভাবক – রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, ওমানের আসার পর থেকে ওমান দূতাবাসে সেবার গুণগত পরিবর্তন, দু,দেশের সম্পর্কের উন্নতি এরপরেও আটকে আছে শ্রমিক ভিসা ইস্যু।

ওমানে অবস্থানরত প্রায় সাত লক্ষ প্রবাসী বাংলাদেশির অভিভাবক হিসেবে পরিচিত ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

তিনি ২০২৫ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই দূতাবাসের সেবায় এসেছে দৃশ্যমান এবং গুণগত পরিবর্তন, যা প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের যাত্রা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

        বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। এই সম্পর্কের ধারাবাহিকতায় ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাস স্থাপন করা হয় প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং কনস্যুলার সেবা প্রদানের লক্ষ্যে। শুরুতে সীমিত জনবল ও অবকাঠামোর মধ্য দিয়ে দূতাবাসের কার্যক্রম পরিচালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রবাসীর সংখ্যা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার কারণে দূতাবাসের কার্যপরিধিও বিস্তৃত হয়েছে।

বর্তমানে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস কেবল পাসপোর্ট, ভিসা, নথিপত্র সত্যায়ন কিংবা শ্রমিক কল্যাণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয় — বরং এটি প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কেন্দ্রবিন্দু হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • ওমানে নতুন রাষ্ট্রদূত খন্দকার মিসবাহ-উল-আজিমের আগমন- নেতৃত্বে নতুন অধ্যায়

ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাটের- রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি প্রবাসীদের কল্যাণ, কনস্যুলার সেবা সহজীকরণ, দূতাবাসের কার্যক্রম আধুনিকীকরণ এবং বাংলাদেশ–ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। অনলাইন সেবা সম্প্রসারণ, নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট বিতরণ, দূরবর্তী অঞ্চলে মোবাইল কনস্যুলার সেবা চালু এবং অভিযোগ নিষ্পত্তিতে দ্রুততা — এসব উদ্যোগ প্রবাসীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

তার আন্তরিকতা, মানবিকতা ও প্রশাসনিক দক্ষতার কারণে প্রবাসী বাংলাদেশিদের মাঝে তিনি একজন আস্থাভাজন অভিভাবক হিসেবে সময় যত যাচ্ছে পরিচিতি পাচ্ছেন দিন দিন।

  •  কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী ও ব্যতিক্রমধর্মী আয়োজন

২০২৫ সালে তার দায়িত্বকালেই বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপিত হয় — যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো ওমানস্থ বাংলাদেশ দূতাবাস মাস্কাটে আয়োজন করে এক জমকালো ও ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা।

এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত সশস্ত্র বাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রা দল অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেয়। তাদের পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশাত্মবোধক সঙ্গীত, লোকসঙ্গীত ও আধুনিক সুরের সমন্বয়ে উপস্থিত অতিথিদের হৃদয় জয় করে নেয়। প্রবাসের মাটিতে দূতাবাসের এ ধরনের প্রথম আয়োজন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ, আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই একে প্রবাস জীবনের এক অনন্য স্মরণীয় আয়োজন হিসেবে দেখছেন। দূতাবাসের পরিবর্তনের এমন দৃশ্য এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে চলছে আলোচনা। রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিমের নেতৃত্বে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস শুধু প্রশাসনিক কার্যক্রমেই নয়, সাংস্কৃতিক ও সামাজিক সংযোগ বৃদ্ধিতেও নতুন দিগন্ত উন্মোচন করেছে — যা ভবিষ্যতে বাংলাদেশ–ওমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং প্রবাসী বাংলাদেশিদের জীবনকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

  • দীর্ঘদিন বন্ধ ওমানের ভিসা: প্রবাসীদের উদ্বেগ ও দাবি

এদিকে দূতাবাসের গুনগত পরিবর্তন হলেও ওমানের শ্রমিক ভিসা বন্ধতে হতাশা প্রকাশ করছে ব্যবসায়ী এবং উদ্যােক্ত বাংলাদেশিরা।

দীর্ঘদিন ধরে ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মী ভিসা বন্ধ থাকায় প্রবাসী ব্যবসায়ী, উদ্যোক্তা ও কর্মপ্রত্যাশীদের মাঝে ব্যাপক উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে, অন্যদিকে বিদ্যমান শ্রমবাজারেও দেখা দিয়েছে অস্থিরতা।

প্রবাসীদের মতে, ভিসা বন্ধ থাকায় হাজার হাজার মানুষ দেশে বসে আছে, আছেন ওমানে আসার অপেক্ষায়। অনেকের কাগজপত্র প্রস্তুত থাকলেও যাত্রা স্থগিত রয়েছে।

ব্যবসায়ীরাও দক্ষ ও অভিজ্ঞ কর্মী না পাওয়ার অভিযোগ করছেন। বিশেষ করে নির্মাণ খাত এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে।

মাস্কাট, সোহর, সালালাহ ও নিজওয়া অঞ্চলের বিভিন্ন কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন বার বার, এছাড়াও দেশ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া চোখ রেখেছেন ওমান আসতে আগ্রহী অনেকেই।

এদিকে ওমানের ভিসা বন্ধ থাকলেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে ওমান প্রবাসী বাংলাদেশিরা- সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে ওমান থেকে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৩০ কোটি টাকার বেশি, যা অক্টোবরের ১৯ হাজার ৭৬৮ কোটি টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে।

প্রবাসীরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানো বৃদ্ধি এবং ডিজিটাল রেমিট্যান্স সেবার প্রসার এই প্রবৃদ্ধির মূল কারণ। এই রেমিট্যান্স দেশের রিজার্ভ শক্তিশালী করছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে, ওমানের শ্রমিক ভিসা চালু থাকলে তা আরো বহুগুণে বাড়ার সম্ভাবনার কথাও জানান অনেকেই।

ওমান কমিউনিটির নেতৃবৃন্দ বলেন— “ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের বড় ভূমিকা রয়েছে। অথচ ভিসা বন্ধ থাকায় সেই ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত ভিসা পুনরায় চালুর দাবি জানাচ্ছে।”

ওমানের ব্যবসায়ী মহলের মতে, ভিসা বন্ধ দীর্ঘমেয়াদে উভয় দেশের জন্যই ক্ষতিকর। এতে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ কমতে পারে এবং ওমানে শ্রম সংকট আরও বাড়তে পারে। নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল পদ্ধতিতে নতুন ভিসা চালু করলে শ্রমবাজারের ভারসাম্য বজায় থাকবে এবং অবৈধ নিয়োগের ঝুঁকিও কমবে।

“যার কাছে বেশি পাওয়া যায়, তার কাছেই বেশি চাওয়া হয়”— এই উক্তির আলোকে অনেকেই মনে করছেন, বর্তমান রাষ্ট্রদূত যেভাবে প্রবাসীদের নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, তেমনি ওমানের শ্রমিক ভিসার বিষয়টিও তাঁর সক্রিয় কূটনৈতিক উদ্যোগে অগ্রাধিকার পাবে।

প্রবাসীদের প্রত্যাশা, কূটনৈতিক তৎপরতা ও বাস্তব পরিস্থিতির আলোকে শিগগিরই বাংলাদেশিদের জন্য ওমানের কর্মী ভিসা পুনরায় চালু হবে এবং এতে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে।

  •   ফোরকান মাহমুদ | লেখক, সাংবাদিক 

সর্বশেষ - আর্ন্তজাতিক