এন ডেস্ক: ওমানে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের বেচাকেনা, বিক্রি, সংযোজন ও ব্যবহার নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত জারি করেছে কনজ্যুমার প্রোটেকশন অথরিটি (CPA)। নতুন সিদ্ধান্তের আওতায় নিরাপত্তা ও গাড়ির কার্যক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ২১ ধরনের ব্যবহৃত যন্ত্রাংশ বিক্রি ও বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে।
নতুন বিধিমালা গাড়ি মেরামত, রক্ষণাবেক্ষণ, রং ও বডিওয়ার্কের ওয়ার্কশপ এবং ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নিষিদ্ধ যন্ত্রাংশের তালিকায় রয়েছে—এক বছরের বেশি ব্যবহৃত শক অ্যাবজর্বার, হাইড্রোলিক সাসপেনশন যন্ত্রাংশ, সাসপেনশন বুশ, এক বছরের বেশি ব্যবহৃত ইঞ্জিন ও গিয়ারবক্স মাউন্ট, বডি রাবার মাউন্টিং, গাড়ির অর্ধেক বডি, ব্রেক প্যাড, ব্রেক লাইন, হুইল হাব বেয়ারিং, ইঞ্জিন বেয়ারিং, সিলিন্ডার হেড গ্যাসকেট, ইঞ্জিন গ্যাসকেট কিট, অ্যাক্সেলের সুরক্ষামূলক রাবার যন্ত্রাংশ, এক বছরের বেশি ব্যবহৃত ক্যাটালিটিক কনভার্টার, ইঞ্জিন ও গিয়ারবক্স অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, সেন্ট্রাল বেয়ারিং এবং ক্লাচ ডিস্ক।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবহৃত যন্ত্রাংশ বিক্রি বা গাড়িতে সংযোজন করা হলে সরবরাহকারীকে ভোক্তাকে ওয়ারেন্টি দিতে হবে। যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে তা মেরামত, পরিবর্তন অথবা মূল্য ফেরত দেওয়ার দায়িত্ব সরবরাহকারীর থাকবে। এ জন্য ভোক্তার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
এ ছাড়া প্রতিটি লেনদেনের জন্য সরবরাহকারীকে বিস্তারিত ইনভয়েস দিতে হবে। এতে যন্ত্রাংশের নাম, বিবরণ ও উৎসের পাশাপাশি গাড়ির ধরন, উৎপাদনের বছর ও দেশ, মোট মূল্য, ইনস্টলেশন খরচ, ওয়ারেন্টির মেয়াদ এবং যন্ত্রাংশের অবস্থা ও ত্রুটির তথ্য উল্লেখ করতে হবে।
ভোক্তার পূর্ব লিখিত অনুমতি ছাড়া কোনো মেরামতকাজ শুরু কিংবা যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজন করা যাবে না। লিখিত অনুমতিতে মেরামতের ধরন, পরিবর্তনযোগ্য যন্ত্রাংশ, খরচ এবং কাজ শেষ করার সম্ভাব্য সময় উল্লেখ থাকতে হবে।
অন্য সরবরাহকারীর কাছ থেকে যন্ত্রাংশ কিনে ব্যবহার করা হলে বিষয়টিও ভোক্তাকে জানাতে হবে এবং ক্রয়ের প্রমাণ দেখাতে হবে।
নতুন বিধিমালা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ওমানি রিয়াল প্রশাসনিক জরিমানা হতে পারে। একই অপরাধ পুনরায় করলে জরিমানা দ্বিগুণ করা হবে। অপরাধ অব্যাহত থাকলে প্রতিদিন সর্বোচ্চ ৫০ রিয়াল অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে মোট প্রশাসনিক জরিমানা ২ হাজার রিয়ালের বেশি হবে না।
কর্তৃপক্ষের মতে, নতুন এ বিধিমালার মূল লক্ষ্য হলো গাড়ির যন্ত্রাংশের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা করা এবং ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহকারীদের জবাবদিহিতা বাড়ানো।