
পিবিএন ডেস্ক :
ওমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশিদের একমাত্র বৈধ ও স্বীকৃত সামাজিক সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব সালালাহ–এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। আগামী দুই বছরের জন্য, আবুল কালাম মজুমদার – চেয়ারম্যান এবং প্রকৌশলী মোহাম্মদ শাহ আলী সিআইপিকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ওমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বিভাগের পরিচালক আজিজ বিন খলিফা বিন মোহাম্মদ আল-রাজহি। তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটিতে, মোহাম্মদ আসিফ হারুন – ভাইস চেয়ারম্যান, আহমেদ করিম কোষাধ্যক্ষ করা হয়।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া, আব্দুল মান্নান, আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ সিরাজ ইত্তিন, সেলিম উদ্দিন এবং মোহাম্মদ আলম।
এছাড়াও বিভিন্ন সহযোগী ও উপদেষ্টা পর্যায়ে যুক্ত হয়েছেন—
ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, শাহদাত হোসেন, মোহাম্মদ তোহা, জুবায়ের হোসেন, মীর হোসাইন, মোহাম্মদ দিদারুল ইসলাম এবং মাহবুবুর রহমান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রয়্যাল ডিক্রি নং ১৪/২০০০-এর ধারা ৩২ অনুযায়ী প্রতিটি পরিচালনা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এটি আইনগতভাবে বাধ্যতামূলক এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে বিবেচিত হবে।
ক্লাব কতৃপক্ষ জানিয়েছেন, নবগঠিত কমিটি ওমানের প্রচলিত আইন, বিধিবিধান এবং প্রশাসনিক নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে।
কমিটি অনুমোদন পাওয়ার পর নবগঠিত কমিটির পক্ষ থেকে সেন্ট্রাল কমিটির সভাপতি সিরাজুল হক সিআইপি, সালালাহর পূর্ববর্তী কমিটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবগঠিত কমিটি নেতৃবৃন্দ বলেন, পূর্ববর্তী কমিটির অভিজ্ঞতা ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই নতুন কমিটি প্রবাসীদের কল্যাণে কাজ করবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ঐক্য সুদৃঢ় করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি, কল্যাণমূলক সহায়তা জোরদার এবং প্রবাসীদের আইনি ও মানবিক সহায়তায় কার্যকর ভূমিকা রাখা হবে তাদের অগ্রাধিকার।
উল্লেখ্য, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ওমান সরকারের অনুমোদিত একটি সামাজিক সংগঠন। সালালাহ অঞ্চলে বসবাসরত প্রায় সাড়ে তিন লক্ষ প্রবাসী বাংলাদেশির প্রতিনিধিত্বকারী এই সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, প্রবাসীদের সমস্যা সমাধানে মধ্যস্থতা, জরুরি সহায়তা প্রদান এবং কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রমে ওমানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, শৃঙ্খলা ও আইনানুগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সোশ্যাল ক্লাব সালালাহ বরাবরই একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে বলে কমিউনিটি সূত্রে জানা গেছে।

