
পিবিএন ডেস্ক : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং নির্বাচনি কার্যক্রমকে গতিশীল করতে ওমান ডায়াস্পোরা অ্যালায়েন্স একটি নির্বাচনি সেল গঠন করেছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে আগামী এক মাসের জন্য এই সেল কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক সাইফ সারওয়ার, সদস্য সচিব নজরুল বাসার এবং মুখ্য সংগঠক যুবাইর আহমেদ সরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওমান প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে একটি সুসংগঠিত নির্বাচনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিবেদিত ও সক্রিয় ব্যক্তিবর্গকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বিশ্বাসকে আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন দারুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে শাহাদাত হোসেনকে।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে সুমাইয়া তাবাসসুম দীবা, অর্থ সচিব হিসেবে মোঃ আল আমিন, মিডিয়া ও প্রচার সমন্বয়ক হিসেবে তানজিম হাসান, মুখ্য সংগঠক হিসেবে আবির আহাদ এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার নুরজ্জামান হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি সেল আগামী এক মাস প্রবাসীদের মধ্যে নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়া, মতবিনিময় সভা আয়োজন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে তরুণ প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলোতে ইতিবাচক পরিবেশ তৈরিতে এই সেল কাজ করবে বলে জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ওমান প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি সেলের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

