প্রবাস বাংলা
ঢাকাThursday , 12 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান প্রবাসীদের প্রতি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বার্তা : ওমানের আইন মেনে চলার আহ্বান

প্রবাস বাংলা
February 12, 2026 1:24 pm
Link Copied!

পিবিএন ডেস্ক, ওমান: ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রবাসে অবস্থানকালে স্থানীয় আইন, শৃঙ্খলা ও সামাজিক বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা প্রত্যেক বাংলাদেশির নৈতিক ও আইনগত দায়িত্ব।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশিদের অধিকাংশই কাজ ও জীবিকার উদ্দেশ্যে ওমানে অবস্থান করছেন। তাই ওমানের প্রচলিত আইন-কানুনের প্রতি সম্মান প্রদর্শন এবং তা কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের আইনভঙ্গ বা অসচেতন আচরণ ব্যক্তি ও সামষ্টিকভাবে প্রবাসী কমিউনিটির জন্য ক্ষতির কারণ হতে পারে।

বিশেষ করে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আবেগ বা আগ্রহ থাকলেও, ওমানের মাটিতে এ সংক্রান্ত কোনো সভা, সমাবেশ, মিছিল, প্রচারণা বা রাজনৈতিক আড্ডা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের কার্যক্রম স্থানীয় আইনের পরিপন্থী হতে পারে এবং তা ব্যক্তিগত ভিসা, রেসিডেন্সি ও কর্মসংস্থানের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ভিসা ও রেসিডেন্সি সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা, কর্মস্থলের আইন মেনে চলা এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড, উসকানিমূলক আচরণ বা বিশৃঙ্খলা থেকে দূরে থাকা সবার দায়িত্ব। একই সঙ্গে অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান মনে করে—প্রত্যেক প্রবাসীর আচরণ কেবল ব্যক্তিগত নয়; বরং তা পুরো বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। তাই আইন মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের মাধ্যমে প্রবাস জীবনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংগঠনটি জানায়, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান সবসময় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বদ্ধপরিকর এবং আইনসম্মত ও শান্তিপূর্ণ প্রবাস জীবন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।