
পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলা এবং পরবর্তীতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা আঘাতের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
সরকারি সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সমন্বিতভাবে কাজ করছে।
ফ্লাইট বন্ধ: প্রবাসীদের আবাসনের ব্যবস্থা
পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসীদের জন্য তাৎক্ষণিক আবাসনের ব্যবস্থা করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
দূতাবাসগুলোর সতর্কবার্তা ও হটলাইন চালু
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দূতাবাসগুলো সতর্কবার্তা জারি করেছে এবং জরুরি সহায়তার জন্য হটলাইন নম্বর চালু করেছে।
কাতার
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: mission.doha@mofa.gov.bd
বাহরাইন
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: mission.manama@mofa.gov.bd
আরব আমিরাত
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd
ইরাক
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: mission.baghdad@mofa.gov.bd
প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
সংশ্লিষ্ট দেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে বলা হয়েছে, নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে, অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, এছাড়া সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের সবসময় সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে—প্রয়োজনীয় নগদ অর্থপাসপোর্ট/আইডি কার্ড, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী।
বিমানবন্দরে মন্ত্রীর উপস্থিতি
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জনাব নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে প্রবাসীদের খোঁজখবর নেন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সরকার বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।












