
পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী কয়েকটি রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা।
বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এসব রুটে ফ্লাইট পুনরায় চালু করা হবে।
অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ আপাতত ১০ মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এর পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তির ওপর ভিত্তি করে এই দুটি রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তারা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির যেকোনো পরিবর্তন বা নতুন সিদ্ধান্ত সম্পর্কে যাত্রীদের যথাসময়ে অবহিত করা হবে।
এদিকে যেসব যাত্রীর টিকিট ইতোমধ্যে কাটা রয়েছে, তাদেরকে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে এবং প্রয়োজনে টিকিট পুনঃনির্ধারণ বা অন্যান্য সহায়তার জন্য বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করা যাবে বিমান কলসেন্টারে—১৩৬৩৬ (দেশের অভ্যন্তরে) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে।












