
পিবিএন ডেস্ক :
বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপির সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের বৈঠকে।
সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আধুনিকায়ন এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ জোরদারের প্রস্তাব দেন।
বৈঠকের একপর্যায়ে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। উভয়পক্ষই শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে বাংলাদেশ-সৌদি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।