প্রবাস বাংলা
ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সহায়তা হস্তান্তর

Link Copied!

পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ সকালে ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির হাতে এই সহায়তা তুলে দেন। ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন।

সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের সহমর্মিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট সবসময় বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য এই সহায়তা প্রদান তাদের মানবিক দায়িত্বেরই অংশ।

এই উদ্যোগকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।