পিবিএন ডেস্ক : মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে দুঃখজনকভাবে পানিতে ডুবে কক্সবাজার জেলার এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রাশেদুল হাসান (২০)।
জানা গেছে, নিহত রাশেদুল হাসান গুরাইধু দ্বীপে অবস্থিত আলি টেস্টে কফি শপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ঘটনার পর থেকেই মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুততার সঙ্গে মরদেহ দেশে পাঠানোর সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামীকাল ২৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাশেদুল হাসানের মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানো হবে।
এদিকে, মান্যবর হাইকমিশনার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।