পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ওমানের সিভিল এভিয়েশন অথরিটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আল রুস্তাকে, যেখানে পারদ উঠেছে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।
এছাড়া ফাহুদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং দামা ওয়া আল তায়্যিন এলাকায় ৪৭.০ ডিগ্রি সেলসিয়াস।
দেশটির বিভিন্ন গভর্নরেটজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আল আমিরাত ও আস সুনাইনাহ এলাকায় তাপমাত্রা ছিল ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বিদবিদ ও বিদিয়াহ এলাকায় ৪৬.৭ ডিগ্রি এবং আল কাবিল ও সামাইল এলাকায় ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া আল আওয়াবি ও সাহাম এলাকাতেও তাপমাত্রা পৌঁছেছে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে দিনের বেলায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে দীর্ঘসময় কাজ না করার আহ্বান জানানো হয়েছে।
গ্রীষ্মের তীব্র দাবদাহে ওমানজুড়ে জনজীবনে অস্বস্তি বাড়লেও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।