পিবিএন ডেস্ক : আন্তর্জাতিক এভারেস্ট দিবস উপলক্ষে ২৯ মে ২০২৬ তারিখে ওমানের মাসকাটের কুরুম সমুদ্র সৈকতে “পিস ওয়াক ও বিচ ক্লিনিং” কর্মসূচির আয়োজন করেছে মাসকাটস্থ নেপাল দূতাবাস।
এ অনুষ্ঠানে নন-রেসিডেন্ট নেপালি সোশ্যাল ক্লাব, বিভিন্ন নেপালি সংগঠনের প্রতিনিধি, প্রবাসী নেপালি নাগরিক এবং বিভিন্ন দেশের বন্ধুপ্রতিম ব্যক্তিরা অংশ নেন। পরিবেশ সচেতনতার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকত পরিষ্কার কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বক্তব্যে নেপালের রাষ্ট্রদূত দোরনাথ আরিয়াল অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে এবং ওমানে নেপালি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বছর এভারেস্ট দিবস নেপালের প্রজাতন্ত্র দিবসের সঙ্গে একযোগে পালিত হয়। এ উপলক্ষে মাসকাটে নেপাল দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরিয়াল নেপালের জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় কিয়স্ক মেশিনের বোতাম চাপ দিয়ে দূতাবাসের ই-মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জাতীয় ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নেপালি কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত আরিয়াল প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও ঐতিহাসিক দিক তুলে ধরেন। তিনি সংবিধান ও প্রজাতান্ত্রিক ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেন। এছাড়া ই-মিউজিয়াম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ঐতিহাসিক দলিল ও তথ্য সংরক্ষণে সহায়ক হবে।
ই-মিউজিয়াম স্থাপন কমিটির আহ্বায়ক ও দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বিশেষ কুমার সাহ জানান, মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তথ্য ও দলিল সংগ্রহে নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই ই-মিউজিয়াম দূতাবাসের ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে।