পিবিএন ডেস্ক : ওমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মহান আল্লাহ, পবিত্র কোরআন বা নবী-রাসুলদের অবমাননা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। নতুন আইনের আওতায় এ ধরনের অপরাধে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ১০ হাজার ওমানি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।
ওমানের স্থানীয় গণমাধ্যম ওমান অবজারভার লিখেছেন, নতুন আইনের ৪৪ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ওয়েবসাইট, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অপরাধ করেন, তাহলে তার বিরুদ্ধে এ শাস্তি প্রযোজ্য হবে।
আইন অনুযায়ী নিম্নোক্ত কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে:
১. মহান আল্লাহর সত্তার অবমাননা বা অবজ্ঞা করা।
২. পবিত্র কোরআনকে অবমাননা বা বিকৃত করা।
৩. ইসলাম ধর্ম, এর আচার-অনুষ্ঠান কিংবা অন্য কোনো ধর্মকে অবমাননা করা।
৪. নবী-রাসুলদের অবমাননা করা।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ধর্মীয় উসকানি, বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় মূল্যবোধের অবমাননা রোধে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধর্মের প্রতি সম্মান ও সহনশীলতা বজায় রাখার পরিবেশ নিশ্চিত করাই এ আইনের লক্ষ্য।