পিবিএন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের লক্ষ্যে একটি নতুন প্রস্তাবনা প্রকাশ করেছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ক্ষতিকর ডিজিটাল কনটেন্টের প্রভাব কমানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট তৈরি বা পরিচালনা করতে পারবে না। এছাড়া তারা প্ল্যাটফর্মগুলোর পূর্ণাঙ্গ ফিচার ব্যবহার থেকেও বিরত থাকবে।
সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় ১৫ বছরের কম বয়সী শিশুরা কোনো ধরনের পোস্ট, ছবি বা ভিডিও প্রকাশ, মন্তব্য করা, কনটেন্ট শেয়ার করা, পাবলিক গ্রুপে যোগ দেওয়া কিংবা অন্যান্য উন্মুক্ত সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।
এছাড়া বাবা-মা বা অভিভাবক তাদের সন্তানকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দিলেও সেটি আইনি ছাড় হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ বয়সসীমার নিচে থাকা শিশুদের জন্য এ নিষেধাজ্ঞা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে বয়স যাচাই ব্যবস্থা, অভিভাবকীয় নিয়ন্ত্রণ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নীতিগত পরিবর্তন আনতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা জোরদার করতে এবং অনলাইন হয়রানি, আসক্তি ও ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমাতে সংযুক্ত আরব আমিরাতের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।