নিউজ ডেস্ক: কাতারের রাস লাফান শিল্প শহরের বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ১৮ জনের সন্ধানে অনুসন্ধান অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২১ জুন) রাতে সংঘটিত এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (২২ জুন) ভোর ৪টায় এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখুইয়া’র সঙ্গে যুক্ত কাতারি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সমন্বয়ে এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সহযোগিতায় নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিস্ফোরণের বিকট শব্দে রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল দোহা
কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাআবি নিশ্চিত করেছেন যে, রবিবার সন্ধ্যায় রাস লাফান শিল্প শহরের বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে আল-কাআবি আরও নিশ্চিত করেন যে, এই দুর্ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন।