পিবিএন ডেস্ক : কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানর শোকবার্তা কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এমপি।
মঙ্গলবার (১৪ জুলাই) লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে মহামান্য আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। স্পিকার বলেন, আধুনিক কাতারের রূপকার হিসেবে শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদান চিরস্মরণীয়। বাংলাদেশ-কাতারের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে সুদৃঢ় করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে দোহায় পৌঁছান। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমিরি দিওয়ানের প্রতিনিধি।
সফরকালে স্পিকার বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন। বুধবার সন্ধ্যায় তাঁর দোহা ত্যাগ করার কথা রয়েছে এবং বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।