উচ্চশিক্ষায় এক দশক পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের ইউকে ম্যানেজমেন্ট কলেজ (UKMC) ম্যানচেস্টারের হিটন পার্কে বর্ণাঢ্য সামারফেস্ট ২০২৬-এর আয়োজন করেছে। দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, একাডেমিক অংশীদার, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি এবং কমিউনিটির সদস্যরা অংশ নেন।
উৎসবজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন দেশের খাবারের স্টল, খেলাধুলা এবং বিনোদনের নানা আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Health Sciences University (HSU)-এর সঙ্গে ইউকেএমসির নতুন একাডেমিক অংশীদারত্বের আনুষ্ঠানিক ঘোষণা। এই অংশীদারত্বের আওতায় HSU-স্বীকৃত BSc (Hons) Psychology with Foundation Year কোর্স পরিচালিত হবে। এর মাধ্যমে মনোবিজ্ঞান, মানসিক স্বাস্থ্য এবং কমিউনিটি সাপোর্ট বিষয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় ‘UKMC: 10 Years of Excellence Anniversary Magazine’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মারক প্রকাশনাটিতে ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউকেএমসির এক দশকের অগ্রযাত্রা, সম্প্রসারণ, সাফল্য এবং অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে ম্যানচেস্টারের লর্ড মেয়র, রচডেলের মেয়র, হাই শেরিফসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, একাডেমিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাউল **এ এস এম শফি মন্ডল, প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান, **বাউল ডলি মন্ডল, ড. জাহিদুল কবির, জহরা হোসেন জেমি, সর্দার হীরক রাজা, আমির হাশমি, GAMTA, প্রীতম আহমেদ এবং ব্যান্ড ডাইনামিকসহ আরও অনেকে।
ইউকেএমসির এক দশকের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশি বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. জাহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে ইউকেএমসি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলা এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য কর্মমুখী ও সহজলভ্য উচ্চশিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত ইউকে ম্যানেজমেন্ট কলেজ বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আধুনিক, কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক অগ্রযাত্রা যুক্তরাজ্যে আন্তর্জাতিক উচ্চশিক্ষার পরিসর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।