মাহিম উদ্দীন মুন্না, আরব আমিরাত: বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, তাদের সার্বিক কল্যাণ এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি (Positive Branding) আরও উজ্জ্বল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রবাসে কর্মরত সাংবাদিকরা যাতে কোনো ধরনের বাধা বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মুক্ত সাংবাদিকতা চর্চা করতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূলমন্ত্র “সবার আগে বাংলাদেশ” খচিত বিশেষ সুভেনির কোট পিন (Coat Pin) তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ। তারা আন্তরিকতার সঙ্গে উপহারটি গ্রহণ করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন।