মাস্কাট প্রতিনিধি: ওমানের সালালাহ ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ৬ থেকে ৯ আগস্ট বিশেষ কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট। এ লক্ষ্যে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে সেবার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের একটি কনস্যুলার টিম ৬, ৭ ও ৮ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ৯ আগস্ট সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সালালাহর হামদান প্লাজা হোটেলে অবস্থান করে বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করবে।
প্রদেয় সেবার মধ্যে রয়েছে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন ও সংশোধনের আবেদন, ডকুমেন্ট সত্যায়ন, এনওসি (NOC) প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা, অভিযোগ গ্রহণ এবং পাসপোর্ট বিতরণ।
দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের সেবা গ্রহণের জন্য স্বশরীরে উপস্থিত থাকতে হবে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের উপস্থিতির প্রয়োজন নেই।
ই-পাসপোর্ট আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, পূর্বের এমআরপি পাসপোর্ট, ওমানের সিভিল আইডি এবং পাসপোর্ট বিতরণ স্লিপ সঙ্গে আনতে হবে।
অন্যদিকে, ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি শিশুদের নতুন জন্ম নিবন্ধনের জন্য bdris.gov.bd-এ পূরণ করা আবেদনপত্রের স্বাক্ষরিত কপি, জন্ম সনদ, পিতা-মাতার জন্ম নিবন্ধনের তথ্য এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
দূতাবাস আরও জানায়, কনস্যুলার সেবা গ্রহণের জন্য আগেই (amardutabashmuscat.org) পোর্টালের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সিডিউল বুকিং করতে হবে।
এছাড়া পাসপোর্ট বিতরণের ক্ষেত্রেও একই পোর্টালের মাধ্যমে ৪ আগস্ট বিকেল ৩টার মধ্যে সিটিং বুকিং সম্পন্ন করতে হবে। শুধুমাত্র বুকিং সম্পন্নকারী আবেদনকারীদের কাছেই পাসপোর্ট হস্তান্তর করা হবে।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থেকে কনস্যুলার সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।