পিবিএন ডেস্ক : বাংলাদেশ শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ওমানের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ স্কুল সাহাম- ওমান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ জন শিক্ষার্থী পরিক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। বিদ্যালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর স্কুলটির পাসের হার ১০০ শতাংশ।
সোমবার ১০ আগস্ট প্রকাশিত ফলাফল বিবরণীতে জানানো হয়, বিজ্ঞান বিভাগে মোট ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২ জন A+, ৬ জন A, ২ জন A- এবং ১ জন B গ্রেড অর্জন করেছে।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এ বিভাগে ৩ জন A, ২ জন A- এবং ১ জন B গ্রেড পেয়েছে।
বিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—দুই বিভাগ মিলিয়ে মোট ১৭ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, ফলে বিদ্যালয়ের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।
এ সাফল্যে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের এ অর্জনের পেছনে বাংলাদেশ দূতাবাস, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।
উল্লেখ্য, এইবার ওমান বাংলাদেশ স্কুল সাহাম’সহ বহির্বিশ্ব অন্যান্য দেশ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাশ করেছেন। বিদেশ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন। বিদেশ কেন্দ্রে গড় পাশের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাশ করেছেন। ফেল করেছেন ৪৮ জন। শতভাগ পাশ করেছে দুটি প্রতিষ্ঠান। কেউ পাশ করেনি একটি প্রতিষ্ঠান থেকে।