প্রবাস বাংলা
ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

প্রবাস বাংলা
August 30, 2026 11:51 am
Link Copied!

পিবিএন ডেস্ক : সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

নিহত কামরুল জামানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। স্থানীয় সময় রোববার ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল জামান তায়েফ শহরের একটি সুপার মার্কেটে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে তিনি বাসায় ফেরার পথে হামলাকারীদের দেখতে পান। নিজের জীবন বাঁচাতে তিনি দ্রুত দৌড়ে কর্মস্থলের ওই সুপার মার্কেটের ভেতরে আশ্রয় নেন।

এ সময় সুপার মার্কেটে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর হামলাকারীও সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কামরুল।

পরে হামলাকারী ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কী কারণে কামরুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, হামলাকারীর সঙ্গে তার কোনো পূর্বপরিচয় বা বিরোধ ছিল কি না—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রবাসী কামরুল জামানের মৃত্যুর খবর তার নিজ গ্রাম নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ দেশে ফেরত আনা এবং পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।