
পিবিএন ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এবং মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিনিয়র সচিব মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তাদের নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে গৃহীত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে প্রবাসী কর্মীদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ, বিদেশে কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে দ্রুত সেবা প্রদান এবং প্রবাসীদের জন্য কল্যাণমূলক সেবাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বৈদেশিক কর্মসংস্থানের নতুন বাজার সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন, ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন, এবং বিদেশগামী কর্মীদের প্রাক-প্রস্থান ওরিয়েন্টেশন কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ডেস্ক ও বাংলাদেশি মিশনসমূহের শ্রমকল্যাণ উইংয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দক্ষতা ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই কর্মীদের সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রবাসীদের জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রবাসী সেবাকে আরও সহজ, দ্রুত এবং জবাবদিহিমূলক করার নির্দেশনা প্রদান করেন এবং প্রবাসীদের কল্যাণে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করে সভা শেষ হয়।















