
নিউজ ডেস্ক, ওমান মাস্কাট – ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলি বাওয়াইন জানিয়েছেন, সুলতানাতের নিবন্ধিত ৪ লাখ কোম্পানির মধ্যে ১ লাখ ৩৫ হাজারের বেশি শুধুমাত্র বাণিজ্যিক রেকর্ড হিসেবে রয়েছে, কিন্তু কার্যক্রম নেই।
ডেলি মাস্কাট লিখেন, ওমান টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত শ্রম মন্ত্রণালয় ৫০ হাজার থেকে ৬০ হাজার চাকরি ধরে রাখতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক মন্দার মধ্যেও বিভিন্ন কোম্পানির সঙ্গে সমঝোতার মাধ্যমে এই চাকরিগুলো রক্ষা করা হয়।
সরকারি চাকরির চাহিদার বিষয়ে ড. বাওয়াইন বলেন, প্রতি বছর ১২ থেকে ১৬ হাজার আবেদনকারী সরকারি খাতে চাকরির জন্য আবেদন করেন। এটি কর্মসংস্থান নিয়ে কর্তৃপক্ষের ওপর যে চাপ রয়েছে, তা স্পষ্ট করে।
তিনি আরও বলেন, শিক্ষার ফলাফল এবং শ্রমবাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্য বড় চ্যালেঞ্জ। এই ফাঁক কমাতে মন্ত্রণালয় বিশেষায়িত প্রশিক্ষণ ও চাকরি প্রতিস্থাপন কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে।
এছাড়া, মন্ত্রী কম দক্ষ বিদেশি শ্রমিকদের প্রভাব এবং শ্রমবাজারে ভারসাম্যহীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বেতন স্বচ্ছতা নিশ্চিত করতে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ওয়েজ প্রোটেকশন সিস্টেম চালু করা হয়, যা বেসরকারি খাতের বেতন নিয়ন্ত্রিত চ্যানেলের মাধ্যমে প্রদানের বাধ্যবাধকতা আরোপ করে। নিয়ম লঙ্ঘনের কারণে ইতোমধ্যে জরিমানা করা হয়েছে, এবং শিগগির আরও কঠোর শাস্তি দেওয়া হবে।
ড. বাওয়াইন বলেন, শ্রমবাজার সংস্কারের মাধ্যমে ওমানিদের জন্য চাকরির নিরাপত্তা, স্বচ্ছতা এবং একটি স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ।














