প্রবাস বাংলা
বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রতিবেদক
প্রবাস বাংলা
নভেম্বর ২৬, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫৪তম দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানী কুয়ালালামপুরের বুকিত কিয়ারা রিসোর্টে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল দাতো পাহলোয়ান টিএস শামসুদ্দীন বিন হাজি লুদিন (Dato’ Pahlawan Ts. Shamsuddin bin Hj Ludin) এবং তার সহধর্মিণী দাতিন নূর বালখিসাম বিনতি আবু বাকার (Datin Nor Balkhissham binti Abu Bakar)।

অনুষ্ঠানের সূচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শুভেচ্ছা বক্তব্যে মালয়েশিয়া হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান সুসম্পর্কের গুরুত্ব উল্লেখ করেন।

বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, সংগ্রাম এবং সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ বিশ্বে সমাদৃত এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে বিশ্ব অঙ্গনে সুনাম প্রতিষ্ঠা করেছে।

বক্তব্য শেষে হাইকমিশনার গেস্ট অব অনার এবং প্রতিরক্ষা উপদেষ্টাকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সবশেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ - আর্ন্তজাতিক