
অনলাইন ডেস্ক : ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাটে চালু হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্টভিত্তিক পাসপোর্ট ডেলিভারি ও এনডোর্সমেন্ট সেবা।
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্টভিত্তিক পাসপোর্ট ডেলিভারি, পাসপোর্ট এনডোর্সমেন্ট ও অন্যান্য কনস্যুলার সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।
দূতাবাস সূত্রে জানা গেছে, সাধারণভাবে পাসপোর্ট ও এনডোর্সমেন্ট ওমান পোস্টের মাধ্যমে সংগ্রহ করতে আবেদনকারীদের উৎসাহিত করা হচ্ছে। তবে শুধুমাত্র অতীব জরুরি ক্ষেত্রে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে এবং সময় সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময় অনুযায়ী সরাসরি দূতাবাস থেকে পাসপোর্ট ডেলিভারি ও এনডোর্সমেন্ট গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
এই সেবা গ্রহণের জন্য আবেদনকারীদের অবশ্যই “পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স” সংক্রান্ত মেসেজ প্রাপ্ত হতে হবে। এরপর তারা দূতাবাসের নির্ধারিত সেবা পোর্টাল amardutabashmuscat.org-এ প্রবেশ করে পাসপোর্ট ডেলিভারি, পাসপোর্ট এনডোর্সমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকালে প্রয়োজনীয় তথ্য প্রদান, সেবার ধরন নির্বাচন এবং সুবিধাজনক তারিখ ও সময় নির্ধারণের সুযোগ থাকবে।
পোর্টালে প্রদত্ত তথ্যের ভিত্তিতে দূতাবাস পূর্ব থেকেই সংশ্লিষ্ট পাসপোর্ট ও এনডোর্সমেন্ট প্রস্তুত রাখবে। ফলে আবেদনকারীরা নির্ধারিত তারিখ ও সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে অপেক্ষা ছাড়াই তাৎক্ষণিকভাবে সেবা গ্রহণ করতে পারবেন।
দূতাবাস আরও জানিয়েছে, পাসপোর্ট ডেলিভারির একই দিনে পাসপোর্ট এনডোর্সমেন্ট নিতে চাইলে সে জন্য আলাদাভাবে পৃথক সিডিউল গ্রহণ করতে হবে।
বিশেষ প্রয়োজনে শুধুমাত্র শনিবার অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট সংগ্রহের সুযোগও রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রেও সংশ্লিষ্টদের অবশ্যই অনলাইন সিডিউল অনুসরণ করতে হবে বলে জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, আগামী (১১ জানুয়ারি ২০২৬) রবিবার থেকে নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী পাসপোর্ট বিতরণ, পাসপোর্ট এনডোর্সমেন্ট ও অন্যান্য কনস্যুলার সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে।
বাংলাদেশ দূতাবাস, মাস্কাট এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছে।













