
দুকমে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ই-পাসপোর্টসহ সকল কনস্যুলার সেবা প্রদান
পিবিএন ডেস্ক :
ওমানের দুকম ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট। এ লক্ষ্যে নির্ধারিত তারিখে একটি কনস্যুলার টিম দুকমে অবস্থান করে প্রয়োজনীয় সকল কনস্যুলার সেবা প্রদান করবে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রয়েল গ্র্যান্ড হোটেলে এবং ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুকমে নির্ধারিত স্থানে এ সেবা প্রদান করা হবে।
যেসব সেবা প্রদান করা হবে
এই ভ্রাম্যমাণ কনস্যুলার কার্যক্রমের আওতায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন ও সংশোধন, ডকুমেন্ট সত্যায়ন, এনওসি প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা, আউটপাস আবেদন গ্রহণ এবং প্রস্তুত পাসপোর্ট বিতরণ করা হবে।
দূতাবাস জানায়, সেবা গ্রহণের জন্য আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। তবে ৫ বছরের নিচে শিশুদের উপস্থিত থাকার প্রয়োজন নেই।
ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ই-পাসপোর্ট আবেদনকারীদেরকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, পূর্বের এমআরপি পাসপোর্ট ও ওমানের সিভিল আইডি সঙ্গে আনতে বলা হয়েছে।
জন্ম নিবন্ধন সংক্রান্ত নির্দেশনা
শুধুমাত্র ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর পিতা-মাতার সিভিল আইডি ও জন্ম নিবন্ধন, ওমানি জন্ম সনদ বা চিকিৎসা প্রতিষ্ঠানের প্রদত্ত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।
সিরিয়াল গ্রহণ বাধ্যতামূলক
প্রবাসীদের ভিড় ও সেবা কার্যক্রম সুশৃঙ্খল রাখতে www.amardutabashmuscat.org ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম সিরিয়াল গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে উপস্থিত হয়ে সেবা গ্রহণের জন্য দূতাবাস অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৮ ৯৯১৮০৬২১-এ যোগাযোগ করা যাবে।

