
পিবিএন ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত ২৬ মার্চ সকালে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মহান আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাষ্ট্রদূত বর্তমান সরকারের নেতৃত্বে একটি বৈষম্যহীন, উন্নত ও মর্যাদাশীল দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বেইজিংয়ের একটি স্থানীয় হোটেলে এক কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চীনের সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। এ ছাড়া চীনের স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ, চীনের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীগণ এ অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন যে, বাংলাদেশ সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ছাড়া তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের পর্যটন ও বিনিয়োগ সম্ভাবনার ওপর তথ্যচিত্র প্রদর্শিত হয়।