
নিউজ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সরকার ও পুলিশ কর্মকর্তারা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
হামলায় আরও ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছে বলে জানা যায়।
উত্তর ওয়াজিরিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি একটি সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেয়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ফলে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।
এদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানায়, হামলায় আটজন সেনা নিহত হন। তাদের তথ্য অনুযায়ী, হামলাটি দুপুরের দিকে উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক যানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী ইউনিট।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা মারাত্মকভাবে বেড়ে গেছে।